বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে মেরিন সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়াজার মার্কির ঘাঁটি থেকে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’সহ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ২,৫০০ সদস্য এখন যাত্রাপথে রয়েছেন। খবর আল-জাজিরার।
এর মাধ্যমে এ মেরিন সেনারাই হতে যাচ্ছে চলমান যুদ্ধের প্রথম মার্কিন স্থলসেনা। এই পদক্ষেপকে সরাসরি স্থলযুদ্ধের ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।
এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে না।
উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ কেবল মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনা নামানোর যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা এতে রয়েছে।
এদিকে, খারগ দ্বীপে বিমান হামলার পর এই স্থল সেনা মোতায়েনের প্রস্তুতি ইরান-আমেরিকা সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। #














