বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত মাসের শেষদিকে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাতের আল তাওয়িলা স্মেল্টারে প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন পুরোপুরি শুরু করতে অন্তত এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ)।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গত ২৮ মার্চ আবুধাবির খলিফা ইকোনমিক জোনে হামলার পর আল তাওয়িলার স্থাপনাগুলো থেকে দ্রুত কর্মীদের সরিয়ে নেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, স্মেল্টারটি পুনরায় চালু করতে ইজিএ-কে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মেরামত করতে হবে এবং প্রতিটি রিডাকশন সেল পর্যায়ক্রমে সচল করতে হবে। প্রাথমিক লক্ষণ অনুযায়ী, পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরতে ১২ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

তবে ইজিএ জানিয়েছে, সাইটের ক্ষয়ক্ষতি নিরূপণ সাপেক্ষে অ্যালুমিনিয়াম তৈরির কাঁচামাল অ্যালুমিনা উৎপাদন কারী শোধনাগার এবং রিসাইক্লিং প্ল্যান্টটি আরও আগেই আংশিক উৎপাদনে ফিরতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত মার্চ মাসে গত দুই বছরের মধ্যে অ্যালুমিনিয়ামের দামে রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাস মেয়াদী অ্যালুমিনিয়ামের দাম ১০.৪ শতাংশ বেড়ে গত ১২ মার্চ প্রতি মেট্রিক টন ৩,৫৪৬.৫০ ডলারে পৌঁছায়, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।
উপসাগরীয় অঞ্চলের অ্যালুমিনিয়াম উৎপাদকরা সাধারণত বিশ্বের মোট সরবরাহের ৯ শতাংশ নিয়ন্ত্রণ করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক পথে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করতে পারছে না এই অঞ্চলের দেশগুলো।
উল্লেখ্য, ২০২৫ সালে ইজিএ-এর আল তাওয়িলা স্মেল্টার থেকে ১৬ লাখ টন কাস্ট মেটাল উৎপাদিত হয়েছিল। একই সময়ে তাদের সংলগ্ন অ্যালুমিনা রিফাইনারি থেকে উৎপাদিত হয় ২৪ লাখ টন কাঁচামাল। এই বিশাল উৎপাদন সক্ষমতা দীর্ঘ সময় বন্ধ থাকায় বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের ঘাটতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। #















