BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়ামালের দর্শনীয় গোল, ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা

ইয়ামালের দর্শনীয় গোল, ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: মায়োর্কার বিপক্ষে প্রথমার্ধের পারফরম্যান্সে প্রত্যাশিত দাপট দেখাতে না পারলেও, একবার জালের দেখা পেল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলল তারা। চোখধাঁধানো এক গোল করলেন লামিনে ইয়ামাল। পরে গোলের দেখা মিলল আরেকটি। দারুণ জয়ে লা লিগার শীর্ষস্থান সংহত করল হান্সি ফ্লিকের দল।

কাম্প নউয়ে শনিবার লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল তারা। বদলি নেমে শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্ক বের্নাল।

টানা তৃতীয় জয়ের পর, ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৮। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ কম খেলেছে তারা।

গত মঙ্গলবার কোপা দেল রের শেষ আটে আলবাসেতেকে ২-১ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ ফ্লিক।

শুরুতে বার্সেলোনার রক্ষণে কয়েক দফায় ভীতি ছড়ায় মায়োর্কা। দ্বাদশ মিনিটে সফরকারীদের মিডফিল্ডার ভার্গিলের হেড যায় হোয়ান গার্সিয়া বরাবর। ২১তম মিনিটে ভার্গিলের একটি শটও আটকে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।

এবারের লা লিগায় ৩৭ বছর বয়সী পোলিশ তারকার গোল হলো ১০টি, ১৮ ম্যাচে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। র্যাশফোর্ডের চমৎকার ফ্রি-কিক লাফিয়ে উঠে এক হাতে ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরতি বলে জুল কুন্দের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ ভালো খেলে বার্সেলোনা। ৪৮তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়া ইয়ামালকে মায়োর্কার একজন ফেলে দিলে পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা, তবে রেফারির সাড়া মেলেনি।

৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে মার্ক কাসাদোর জোরাল ভলি প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে ক্রসবারে লাগে।

৬১তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। দানি ওলমোর পাস বক্সের বেশ বাইরে পেয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিশ তারকা, নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।

চলতি লা লিগায় ইয়ামালের গোলও হলো ১০টি, সঙ্গে তার অ্যাসিস্ট আছে ৮টি।

৭৫তম মিনিটে বক্সের ভেতর থেকে ইয়ামালের বাঁ পায়ের আরেকটি চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

তিন মিনিট পর ইয়ামাল ও লেভানদোভস্কির বদলি হিসেবে রুনি বার্দগি ও জোয়াও কান্সেলোকে নামান ফ্লিক।

৮৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বের্নাল। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের পাস ধরে এগিয়ে যান ৬৭তম মিনিটে বদলি নামা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার, বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি।

বার্সেলোনার জার্সিতে এটিই তার প্রথম গোল।

২৩ ম্যাচে ১১তম হারের স্বাদ পাওয়া মায়োর্কা ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল