বিটিসি স্পোর্টস ডেস্ক: বর্তমান কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা দ্বিতীয় বিভাগে খেলা আলবাসেতের মাঠে ২–১ গোলে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। গত ২০ বছরে এটি ১৬তমবার যে বার্সেলোনা এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছাল।
সব মিলিয়ে ৬২তমবার শেষ চার নিশ্চিত করল কাতালান ক্লাবটি-যা নকআউট প্রতিযোগিতায় তাদের ধারাবাহিকতারই প্রতিফলন।
কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব বার্সেলোনা। এখন পর্যন্ত তারা ৪৩টি ফাইনাল খেলেছে, যার মধ্যে ৩২টিতেই শিরোপা জিতেছে ‘ব্লাউগ্রানা’রা।
ম্যাচের ৩৯তম মিনিটে লামিন ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে দেন। মিডফিল্ডে মার্কাস রাশফোর্ড বল জিতে নেওয়ার পর বাঁ পায়ের বাঁকানো শটে দূরের কর্নারে বল জড়িয়ে দেন এই তরুণ তারকা।
শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামা বার্সেলোনা প্রথম দিকে আলবাসেতের সংগঠিত রক্ষণ ভাঙতে হিমশিম খায়। তৃতীয় মিনিটে রাশফোর্ড গোলমুখে নিচু ক্রস পাঠালেও কেউ শেষ স্পর্শ করতে পারেননি। পাঁচ মিনিট পর দানি ওলমোর পাস থেকে পরিষ্কার সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন তিনি, জানিয়েছে সিনহুয়া।
প্রথমার্ধে আলবাসেতেও আক্রমণে ভয় ধরায়। আগুস মেদিনার শট সরাসরি গোলরক্ষক জোয়ান গার্সিয়ার হাতে যায়। এছাড়া বার্সেলোনার অর্ধে বল কাড়ার পর আন্তোনিও পুয়ের্তাস দুইবার গার্সিয়াকে পরীক্ষা নেন।

৫৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। কিছুক্ষণ পর রবার্ট লেভানডোভস্কির সামনে স্কোরলাইন ৩–০ করার সুযোগ এলেও ভালো অবস্থান থেকে নেওয়া তার শট সহজেই ঠেকান আলবাসেতের গোলরক্ষক রাউল লিসোয়াইন।
এরপর লিসোয়াইন ফেরান তোরেসের শটও রুখে দেন। অন্যদিকে আলবাসেতও কয়েকটি সুযোগ নষ্ট করে। জেফতে বেতানকোর ফাঁকা অবস্থায় হেড বাইরে চলে যায়, পরে ৮৪তম মিনিটে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
৮৭তম মিনিটে জাভি মোরেনোর ডাইভিং হেডে এক গোল শোধ করে আলবাসেতে, এতে ম্যাচের শেষদিকে উত্তেজনা বাড়ে। অপর প্রান্তে ফেরান তোরেসের একটি গোলও অফসাইডে বাতিল হয়। শেষ মুহূর্তে ফ্রান গামেসের চিপ শট গোললাইন থেকে ক্লিয়ার করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ডিফেন্ডার জেরার্দ মার্তিন।
বুধবার আরও দুটি কোয়ার্টারফাইনাল অনুষ্ঠিত হবে-আলাভেসের মাঠে রিয়াল সোসিয়েদাদ এবং ভ্যালেন্সিয়ার মাঠে অ্যাথলেটিক ক্লাব মুখোমুখি হবে। বৃহস্পতিবার রিয়াল বেতিস আতলেতিকো মাদ্রিদের আতিথ্য দেবে। #















