BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিটিসি নিউজ ডেস্ক: আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল জালিয়াতি ও বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি এ ক্ষেত্রে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রযুক্তিগত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (১৬ মার্চ) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এর ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে ডিজিটাল স্ক্যাম, এমএলএম পঞ্জি স্কিম এবং করপোরেট দুর্নীতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, ২০০৬ থেকে ২০২১ সালের মধ্যে দেশে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে আনুমানিক ২১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এমটিএফই এবং বিভিন্ন বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী আর্থিক অখণ্ডতা এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রেড মিস-ইনভয়েসিং বা বাণিজ্যের আড়ালে ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৮.২৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে।

তিনি বলেন, আধুনিক ‘হোয়াইট কলার ক্রাইম’ মোকাবিলায় ১৮৬০ সালের প্রচলিত দণ্ডবিধি বর্তমান বাস্তবতায় অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত হয়ে পড়েছে।

এ কারণে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৈশ্বিক পর্যায়ে প্রতারণা রোধে স্বরাষ্ট্রমন্ত্রী চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।

এগুলো হলো- প্রতারণার নতুন কৌশল সম্পর্কে গবেষণা ও কৌশলগত তথ্য আদান-প্রদান বৃদ্ধি, বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্মগুলো আরও শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা এবং বিচারিক কাঠামো ও আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়িয়ে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তবে অপরাধের বৈশ্বিক প্রকৃতির কারণে আন্তঃসীমান্ত সহযোগিতা ছাড়া এ ধরনের প্রতারণা নির্মূল করা সম্ভব নয়।

দুই দিনব্যাপী এ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নীতি-নির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশগ্রহণ করছেন। সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ